
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন সকাল সাড়ে ৬টার দিকে বাংলাদেশে অনুভূত হয়।
ভূমিকম্পের মাত্রা ছিল ৫ রিখটার স্কেল। ভূমিকম্পে প্রাথমিকভাবে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছে, সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প সংঘটিত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার।
ভূ-তাত্ত্বিকরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছে হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।






















আপনার মতামত লিখুন :