বিজিবির চেকপোস্টে ধরা পড়ল ৩৬ হাজার ইয়াবার চালান, আটক ১


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১২:২০ অপরাহ্ন /
বিজিবির চেকপোস্টে ধরা পড়ল ৩৬ হাজার ইয়াবার চালান, আটক ১

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবির ডগ ‘হেনরি’-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা ছিল।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী চক্রসহ সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক নাসির উদ্দীনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।