
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে আনা ২৭ হাজার মেট্রিক টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
লিয়ান হুয়ান হু নামের ট্যাংকারটি মঙ্গলবার বিকেলে বন্দরের জলসীমায় পৌঁছায়। সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই জ্বালানি খালাসের কাজ শুরু হয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
এর আগে গত সোমবার শিউ চি নামের আরেকটি জাহাজ প্রায় ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে আসে। ফলে মাত্র ১১ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় বড় চালান।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রামে ভিড়বে।
এর মধ্যে ১২ মার্চ এসপিটি থেমিস নামের জাহাজ প্রায় ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল নিয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া ১৩ মার্চ র্যাফেলস সামুরাই এবং ১৫ মার্চ চাং হাং হং তু নামের আরও দুটি জাহাজ আসবে, প্রতিটিতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল থাকবে।
সব মিলিয়ে পাঁচটি জাহাজের মাধ্যমে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন ডিজেল যুক্ত হবে। বিপিসির হিসাবে, এ জ্বালানি দিয়ে বর্তমান চাহিদা অনুযায়ী অন্তত ১২ দিনের প্রয়োজন মেটানো সম্ভব।
বিশ্ববাজারে অনিশ্চয়তার কারণে সরকার ইতোমধ্যে দৈনিক ডিজেল সরবরাহ কমিয়ে ৯ হাজার মেট্রিক টনে নামিয়েছে। এ ব্যবস্থা অব্যাহত থাকলে নতুন চালান দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা পূরণ করা যাবে।
বিপিসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে মজুত জ্বালানির সঙ্গে নতুন চালান যুক্ত হলে দেশের প্রায় এক মাসের ডিজেল চাহিদা পূরণে আর কোনো বড় সংকট থাকবে না।






















আপনার মতামত লিখুন :