বোয়ালখালীতে দুই সিএনজির সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১:০৬ অপরাহ্ন /
বোয়ালখালীতে দুই সিএনজির সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতলে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঘটা এ সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তারা হলেন- আমুচিয়ার সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৬৩), আকিব (২৪), করলডেঙ্গার জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) ও আকুবদণ্ডী গ্রামের অটোরিকশা চালক মোরশেদ (৪৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়া থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এরমধ্যে একটি সিএনজির সামনের যন্ত্রাংশ ভেঙে চাকা খুলে গেছে। চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।