
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৮ হাজার ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মৃত জানে আলমের পুত্র মো. রাশেদুল হক (৩৬), একই গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র মো. হোসেন (২৬) এবং টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আ. হাকিমের পুত্র মো. ইউনুস (৩৮)।
শুক্রবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
অন্যদিকে, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “মাদকবিরোধী অভিযানে টেকনাফে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
যেকোনো মূল্যে মাদক নির্মূলের জন্য জেলা পুলিশের অভিযান চলবে।”






















আপনার মতামত লিখুন :