
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকাটি যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জঙ্গল সলিমপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। যৌথবাহিনী ও র্যাবের চলাচলে বাধা সৃষ্টি করতে সন্ত্রাসীরা রাস্তার অন্তত চারটি স্থানে বড় গর্ত খুঁড়ে রাখে।
গর্তগুলো করা হয়েছিল দুটি ক্যাম্পের মাঝামাঝি অংশে। এতে যানবাহন নিয়ে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, “মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তারা রাস্তা কেটে ফেলেছে। ফলে সদস্যদের হেঁটে ঘটনাস্থলে যেতে হয়েছে। সেই সুযোগে মূল সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব, জেলা পুলিশ, রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ) ও এপিবিএনের সমন্বয়ে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় প্রায় ১৫০ সদস্য অবস্থান করছেন বলে জানান তিনি।
হাফিজুর রহমান বলেন, অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিরপরাধদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুরো এলাকায় এখনো টানটান সতর্কাবস্থা বজায় আছে।






















আপনার মতামত লিখুন :