চসিকের ৩ হাজার ২৭০ পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন / ০ Views
চসিকের ৩ হাজার ২৭০ পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই উপহারের আওতায় প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

রবিবার (২৪ মে) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি।

তাঁরা দিন-রাত পরিশ্রম করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই ঈদ উপহার একটি মানবিক উদ্যোগ। এটি কর্মীদের মনোবল আরও বাড়াবে।

মেয়র আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি ধারণ করেন। তাঁদের জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রকল্পের আওতায় সাতটি ভবনে মোট ১ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে প্রায় ৬০০ বর্গফুট।

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ আনন্দ নিশ্চিত করতে এ ধরনের ঈদ উপহার প্রদানের উদ্যোগ চালু করেছেন।

পাশাপাশি বর্ষাকালে পরিচ্ছন্নতা কর্মীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য তাঁদের রেইনকোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।