গাজীপুরের প্রতিষ্ঠানের কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ, বন্দরের দুই কর্মচারী আটক


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন /
গাজীপুরের প্রতিষ্ঠানের কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ, বন্দরের দুই কর্মচারী আটক

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে কোটি টাকার গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার পাচারের ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা-পুলিশ।

বুধবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মিজানুর রহমান (৩৫) ও আবু সুফিয়ান (৪০)।

এদের মধ্যে মিজানুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়ার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃ সহকারী হিসেবে কর্মরত।

অন্যজন আবু সুফিয়ান নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ উল্ল্যাহ মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চুরি হয়।

কনটেইনারটি গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। টিসিএলইউ৮৫৫৭৩০৪ নম্বরের ৪০ ফুট কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করা হয়।

পরে সেটি বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি ডেলিভারি নিতে গেলে সেটি আর ইয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়। তদন্তে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।