মেয়াদহীন দই, বাসি খাবার ফ্রিজে-অলংকারে দুই রেস্তোরাঁয় জরিমানা


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন /
মেয়াদহীন দই, বাসি খাবার ফ্রিজে-অলংকারে দুই রেস্তোরাঁয় জরিমানা

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।

নিয়ম-নীতি উপেক্ষা করে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি রেস্তোরাঁকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কুটুম্ববাড়ি রেস্তোরাঁয় দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ ছিল না। পাশাপাশি রান্নাঘরের পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সাদিয়াস কিচেন-এ মিলেছে আরও উদ্বেগজনক চিত্র। রান্না করা ভাত-মাংসসহ বিভিন্ন বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তার স্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস সহ্য করা হবে না।

খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা এবং বাসি খাবার বিক্রি করা গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানটি আবারও স্পষ্ট করে দিয়েছে—নগরের অনেক খাবারের দোকান এখনো স্বাস্থ্যবিধি মানতে অনাগ্রহী। আর সেই সুযোগে প্রতিদিন ঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তার স্বাস্থ্য।