
চট্টগ্রাম শহরের বুকে সবুজ হারিয়ে যাওয়ার যে শঙ্কা দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, নগরীর কাতালগঞ্জের ইবনে সিনা হাসপাতালের সামনের ঘটনাটি যেন সেই আশঙ্কারই প্রতিচ্ছবি।
যেখানে অর্ধশতাধিক গাছ ঘিরে টিনের বেড়া, আর তার আড়ালে ধীরে ধীরে গড়ে উঠছিল একটি অবৈধ মার্কেট। এমন অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমি দখল করে সেখানে আরসিসি পিলার ও ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। গাছ কেটে ফেলে জায়গাটি বাণিজ্যিক কাঠামোয় রূপ দেওয়ার প্রস্তুতিও চলছিল বলে অভিযোগ ওঠে।
এমন পরিস্থিতিতেই খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। স্থানীয়দের কাছে যিনি এখন “চট্টগ্রামের ফাটাকেষ্ট” নামে পরিচিত।
ঘটনাস্থল পরিদর্শনের পরই কঠোর অবস্থান নেন মেয়র। সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন তিনি।
“এই শহরে কোনো অবৈধ দখল চলবে না। গাছ কাটার নামে প্রকৃতি ধ্বংস, আর বাণিজ্যের নামে জমি দখল—এগুলো আর সহ্য করা হবে না,”—এমন কঠোর ভাষায় দখলদারদের উদ্দেশে বার্তা দেন মেয়র শাহাদাত হোসেন।
চসিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জায়গাটি দখল করে গড়ে তোলার চেষ্টা চলছিল। গাছপালা ঘিরে রেখে ধীরে ধীরে সেটিকে বাণিজ্যিক স্থাপনায় রূপ দেওয়ার কাজ এগিয়ে যাচ্ছিল।
তবে মেয়রের সরাসরি হস্তক্ষেপে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এখানেই শেষ নয়, ঘটনাস্থলেই মেয়র শাহাদাত হোসেন নতুন এক পরিকল্পনার কথা জানান। দখলমুক্ত এই জায়গায় গড়ে তোলা হবে একটি আধুনিক শিশু পার্ক। রমনা পার্কের আদলে সবুজ ও নান্দনিক পরিবেশে সাজানো হবে পুরো এলাকা। থাকবে ফটো জোন, শিশুদের খেলার জায়গা এবং নিরাপদ বিনোদন স্পেস।
“দখলের জায়গায় এবার জন্ম নেবে আনন্দের রাজ্য,”—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কাতালগঞ্জের এই ঘটনায় শুধু একটি অবৈধ নির্মাণ থেমে যায়নি, বরং শহরের ভেতরে সবুজ রক্ষার এক নতুন বার্তাও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বলা যায়, কাতালগঞ্জ শুধু দখলমুক্ত হয়নি। এটি হয়ে উঠছে একটি সম্ভাব্য শিশু পার্ক, আর শহর বদলের এক নতুন প্রতিশ্রুতির প্রতীক।
এর আগে, একই দিনে মেয়র নগরের মোহরা ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের সমন্বয়ে ছয়টি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :