
চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরে গরম পানিতে ঝলসে আহত পাঁচ বছরের শিশু হামিম বিন হোসেন মারা গেছে।
শনিবার ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামিম বিন হোসেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির রান্নাঘরে খেলার সময় অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানি তার শরীরে পড়ে যায়। এতে সে গুরুতর দগ্ধ হয়।
পরে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন লড়াইয়ের পর শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হামিমের বাবা মোহাম্মদ হোসেন পরদিন সৌদি আরব থেকে দেশে ফেরেন। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ছেলেকে বাঁচানো যায়নি।
তিনি আরও বলেন, হামিমের মরদেহ নিয়ে পরিবার ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছে।






















আপনার মতামত লিখুন :