
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত একটি বোমা সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন।
ইরানের বার্তা সংস্থা ফারসের বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি কী ধরনের, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত ব্যক্তিরা সবাই ইউনিটটির সবচেয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
জানজান শহরের যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা ও আকাশ থেকে ফেলা মাইন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৮ এপ্রিল শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকায় মার্কিন বিমানবাহিনী বেশ কিছু বোমা ফেলেছিল, যেগুলোর কিছু অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে।
টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। জানজানের এ ঘটনাকে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার অভিযান চালাচ্ছে রেভল্যুশনারি গার্ড কোর।
আইআরজিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে।






















আপনার মতামত লিখুন :