চট্টগ্রামে অস্ত্র কারবারের অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুই বিদেশি পিস্তল


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন /
চট্টগ্রামে অস্ত্র কারবারের অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুই বিদেশি পিস্তল

চট্টগ্রামে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি চায়না রাইফেলের গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর উদ্দীন সোহেল (৩০), তাপস পালিত ওরফে শিমুল (৫১) এবং দীপক কান্তি দে (৫৮)।

পুলিশ জানায়, বুধবার ভোরে অক্সিজেন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নুর উদ্দীন সোহেলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তাপস পালিত ওরফে শিমুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর শয়নকক্ষ থেকে ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

একই দিনের দুপুরে ওয়াজেদিয়া এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। সেখানে দীপক কান্তি দেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ব্যবসা করে আসছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি।

ওসি আবদুল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’