
এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র উদ্যোগে মাসিক মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ট্রাস্ট মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘পবিত্র হজ ও কুরবানির আধ্যাত্মিক তাৎপর্য’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ নূর হোসাইন।
তিনি বলেন, ইসলামে হজ ও কুরবানি শুধু বাহ্যিক ইবাদত নয়; এর ভেতরে নিহিত রয়েছে গভীর আধ্যাত্মিক শিক্ষা।
তাসাওউফের দৃষ্টিতে হজ হলো আত্মশুদ্ধি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং নিজের অহংকার ভেঙে ফেলার এক মহান সফর। অন্যদিকে কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা।
ড. নূর হোসাইন বলেন, আল্লাহ তাআলা কুরবানির পশুর বাহ্যিক রক্ত বা গোশত চান না; তিনি চান বান্দার তাকওয়া, নিষ্ঠা ও বিশুদ্ধ অন্তর।
হজের সময় আরাফাতের ময়দানে অবস্থান মানুষকে কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দেয়। সেখানে বান্দা নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
তিনি আরও বলেন, যে ব্যক্তি হজ ও কুরবানির এই আধ্যাত্মিক বার্তা নিজের জীবনে ধারণ করতে পারবে, সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করবে।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তাসনিয়া ইসলাম এবং মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মাশরেখা সুলতানা মুক্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সানজিদা ইসলাম ও উম্মে সায়মা সাদিয়া।
মিলাদ ও কিয়ামের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরে দেশের মঙ্গল কামনা এবং বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।






















আপনার মতামত লিখুন :