
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
গতকাল শনিবার কোতোয়ালি থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা লাঠিসোটা ও ইট-পাটকেল ফেলে বিভিন্ন গলিপথে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
তাঁরা সংঘবদ্ধ হয়ে নাশকতা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ঘটনার পর নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















আপনার মতামত লিখুন :