
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ ওরফে ‘রইশ্যা ডাকাত’ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্থানীয় লোকজন অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে একটি ধানি জমিতে আটকে রেখেছে।
পরে সকাল ১০টার দিকে র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ বোরের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে ‘০১-১৩’ এবং গুলির গায়ে ‘KF 7.65’ লেখা ছিল বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুর রশিদের বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :