জঙ্গল সলিমপুরের ‘ত্রাস’ মশিউর রহমান গ্রেপ্তার


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন /
জঙ্গল সলিমপুরের ‘ত্রাস’ মশিউর রহমান গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু কাজী মশিউর রহমান (৬০) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার মশিউর রহমান খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা মৃত কাজী গোলাম হাসানের ছেলে এবং বর্তমানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় বসবাস করছিলেন। তিনি একটি হত্যা মামলার পলাতক আসামি।

র‍্যাব-৭ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট রেলবিট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৫ সালের ৫ অক্টোবর সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মশিউর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মশিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র মামলা এবং আত্মহত্যায় প্ররোচনাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ‘ত্রাস’ হিসেবে পরিচিত মশিউরের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।