অন্তর্বর্তী আমলে দেশ—সংকট, সহিংসতা ও অর্থনৈতিক স্থবিরতা!


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন /
অন্তর্বর্তী আমলে দেশ—সংকট, সহিংসতা ও অর্থনৈতিক স্থবিরতা!

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়কে ঘিরে নানা বিতর্ক, সমালোচনা ও উদ্বেগের চিত্র উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যান ও বিশ্লেষণে।

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সময়কাল নিয়ে জনমনে প্রত্যাশা থাকলেও বাস্তবতায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা ও সহিংসতা বেড়েছে
২০২৫ সালে দেশে ৪২৮টি মব সন্ত্রাসের ঘটনা ঘটে, যেখানে নিহত হন ১৬৬ জন। রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩৩ জন এবং আহত ৭,৫১১ জন। সার্বিকভাবে হত্যা, ছিনতাই, অপহরণসহ অপরাধমূলক মামলার সংখ্যাও বেড়েছে।

মব জাস্টিস ও সামাজিক অস্থিরতা
চুরি, ডাকাতি, সন্দেহ বা ব্যক্তিগত বিরোধ—বিভিন্ন কারণে গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিচারবহির্ভূত সহিংসতার প্রবণতা স্পষ্ট হয়েছে।

অর্থনীতি ও বিনিয়োগে ধস
খেলাপি ঋণ বেড়ে ৫.৩ লাখ কোটি টাকা (১৫১% বৃদ্ধি), ১১৩ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ, সুদের হার বেড়ে ১৪–১৬%, ৩২৭টি কারখানা বন্ধ, দেড় লাখের বেশি শ্রমিক কর্মহীন ও প্রায় ৫৮% কমেছে বিনিয়োগ প্রস্তাব। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানই জাতীয় সংসদে জানান, অন্তর্বর্তী সরকারের সময় দেশে দারিদ্র্য কমেনি বরং বেড়েছে।

ব্যবসায়ীদের আস্থাহীনতা
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে কার্যকর সংলাপের অভাব এবং নীতিগত অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিতর্কিত আন্তর্জাতিক চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে বড় অঙ্কের আমদানি বাধ্যবাধকতা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এলএনজি চুক্তি নিয়েও বেশি দামের অভিযোগ উঠেছে।

উন্নয়ন প্রকল্পে স্থবিরতা
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন বিলম্বিত, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সম্ভাবনা থাকলেও তা হয়নি। তাছাড়া এক্সপ্রেসওয়েসহ বড় প্রকল্পগুলো থমকে আছে।

সামাজিক খাতে অবহেলার অভিযোগ
স্বাস্থ্য ও সামাজিক খাতে অমনোযোগের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়েছে, বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে।

অন্তর্বর্তী সরকারের সময় দেশে আইনশৃঙ্খলা, অর্থনীতি ও উন্নয়ন—তিন ক্ষেত্রেই চাপ বেড়েছে বলে বিভিন্ন মহলের পর্যবেক্ষণ। প্রত্যাশা ও বাস্তবতার এই ব্যবধান ভবিষ্যৎ নীতি ও নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সূত্র-কালের কণ্ঠ