ইসফাহানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৫


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন /
ইসফাহানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৫

ইরানের একটি শিল্প কারখানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার কর্মদিবসে ইসফাহানের একটি গরম ও শীতল সরঞ্জাম তৈরির কারখানায় যখন শ্রমিকরা কাজ করছিলেন, ঠিক তখনই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।

এতে কারখানার ভেতরে থাকা ১৫ জন শ্রমিক প্রাণ হারান। যুদ্ধের শুরু থেকেই ইরানের বিভিন্ন শহর এভাবে বারবার হামলার শিকার হচ্ছে।

কেবল সামরিক বা শিল্প এলাকা নয়, ইরানের ঐতিহাসিক ও কূটনৈতিক স্থাপনাগুলোও এই যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত ৮ মার্চ ইসফাহানে রাশিয়ার কনস্যুলেটে গোলাবর্ষণে রুশ কর্মীরা আহত হন। মস্কো একে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ইউনেস্কো তালিকাভুক্ত তেহরানের গোলেস্তান প্রাসাদ ও ইসফাহানের ঐতিহাসিক নকশ-ই জাহান স্কয়ারসহ প্রায় ৫৬টি জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কো এই ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি-নাসাব নিহত হয়েছেন। তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, দেশ রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন।

যুদ্ধের এই ভয়াবহতার মাঝেও শান্তি আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধবিরতিতে আগ্রহী নন ও অভিযান নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ইরানও সাফ জানিয়ে দিয়েছে যে হামলা অব্যাহত থাকা পর্যন্ত কোনো আলোচনা হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্য থেকে ‘বিদেশী আগ্রাসকদের’ বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

পাল্টা জবাবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ একটি ‘নির্ধারক পর্যায়ে’ প্রবেশ করেছে ও এটি প্রয়োজন অনুযায়ী দীর্ঘস্থায়ী হবে।

সংঘাতের সবশেষ খবরে জানা গেছে, ইরান শনিবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে কয়েকটি ছিল ভয়াবহ ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) সংবলিত।

ইলাতে এই বোমার আঘাতে ১২ বছর বয়সী এক বালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।