রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন /
রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের রাউজান পৌরসভা এলাকা থেকে দেশে তৈরি একটি পাইপগান, চারটি কার্তুজ ও দুইটি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রহমত পাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাউজান পৌরসভা এলাকায় অস্ত্রসহ কয়েকজনের অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, একটি বসতবাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের ঝোপে পড়ে থাকা ওই শপিং ব্যাগ তল্লাশি করে পাইপগান, কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।