জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন /
জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বাস্তব চিত্র তুলে ধরে জনসচেতনতা বাড়াতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়েছে।

‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে নির্বাচিত আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘ইকোজ অব দ্য আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

ধরার সদস্য শাহরিয়ার শাওন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংসের মাত্রা উদ্বেগজনক। বাংলাদেশের পরিস্থিতি আরও নাজুক। পরিবেশ রক্ষায় সরকারসহ সমাজের সবাইকে দৃঢ়ভাবে কাজ করতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের আন্দোলনের প্রয়োজন রয়েছে। প্রদর্শিত আলোকচিত্রগুলো পরিবেশের বাস্তব সংকট স্পষ্টভাবে তুলে ধরেছে।

অনুষ্ঠানে ‘ধরা’র সদস্যসচিব শরীফ জামিল বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে আলোকচিত্র অত্যন্ত শক্তিশালী মাধ্যম।

একজন পরিবেশকর্মী দীর্ঘ সময় কথা বলে যতটা বোঝাতে পারেন, একটি শক্তিশালী ছবি অনেক সময় তার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে।

ঢাকার পরিবেশ–পরিস্থিতি এতটাই খারাপ যে তা বোঝার জন্য আলাদা গবেষণার প্রয়োজন হয় না। নগরীর চারপাশের নদীগুলোর অবস্থাও ভয়াবহ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

প্রতিযোগিতায় এবার দুটি বিষয়ে আলোকচিত্র আহ্বান করা হয়—বায়ু, পানি ও মাটিদূষণ এবং জ্বালানি ও পরিবেশ।

দেশজুড়ে বিভিন্ন আলোকচিত্রীর পাঠানো প্রায় ১ হাজার ৫০০ ছবির মধ্য থেকে বিচারকদের সিদ্ধান্তে সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এ দুই বিভাগে ছয়জন আলোকচিত্রী পুরস্কার পেয়েছেন।

জ্বালানি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), দ্বিতীয় হয়েছেন হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় হয়েছেন মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)।

পরিবেশ বিভাগে প্রথম হয়েছেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় হয়েছেন শেখ নাসির (ডেইলি স্টার)।

দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।