
হরমোজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। ঘটনাটি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
সংস্থাটির তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালী অতিক্রমের সময় ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের জাহাজটির পথ রোধ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সশস্ত্র সদস্যদের বহনকারী তিন জোড়া ছোট বোট।
ভ্যানগার্ড টেক জানায়, ইরানি বোটগুলো রেডিও বার্তার মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়।
তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ মানেননি এবং গতি বাড়িয়ে নিজ গন্তব্যের দিকে অগ্রসর হন।
নিরাপত্তা সংস্থাটি স্পষ্ট করেছে, জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে।
এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও সংশ্লিষ্ট জাহাজটির নাম প্রকাশ করেনি।
অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস দাবি করেছে, একটি নাম প্রকাশ না করা জাহাজ অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল।
প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে জাহাজটি দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানানো হয়।
বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু।
এর আগে গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সূত্র: আল আরাবিয়া






















আপনার মতামত লিখুন :