
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।
পরে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। খুব ভোরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।






















আপনার মতামত লিখুন :