বাকলিয়ায় ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮


Csp Admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
বাকলিয়ায় ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ (২২) হত্যা মামলায় এজাহারনামীয় ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা হওয়ার পর রাতেই বাকলিয়া থানার পুলিশের অভিযান শুরু হয় এবং বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত চলা অভিযানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনায় নিহতের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার পর থেকেই ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এতে এজাহারনামীয় ৬ জনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেপ্তারদের মধ্যে এজাহারনামীয় আসামি হলেন—সবুজ ইসলাম মিরাজ (২৪), সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২৩), আমজিদুল ইসলাম সাজু (৪৭) ও মোহাম্মদ আরাফাত (২২)। এছাড়া এজাহার বহির্ভূতভাবে গ্রেপ্তার হয়েছেন মো. ওসমান (২৮) ও দিদারুল আলম চৌধুরী রাসেল (৪২)।

এর মধ্যে ৪ জনকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বাকি ৪ জনকে থানা পুলিশ গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, এসআই মো. আফতাব হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কিশোর মজুমদার।

অভিযানে অংশ নেন এসআই আবদুল মোমিন, মোবারক হোসেন, ফরহাদ মহিম, আব্দুল কাদের, শরীফ উল্লাহ, মিজানুর রহমান, এএসআই জহিরুল ইসলাম, নূরে আলম, সাইফুল আলম ও সফিকুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এক পর্যায়ে একপক্ষ অপর পক্ষের ওপর গুলি চালালে স্থানীয় যুবদল কর্মী মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিতে আরও অন্তত ১৪ জন আহত হন।

এ ঘটনায় নিহত সাজ্জাদের বাবা মো. আলম (৫৭) বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩০, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড)।