
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানিয়েছেন, নিহত ৩৭ বছর বয়সি বাংলাদেশি শ্রমিকের লাশ তেরোই এলাকার কাম্পুং জালান ইয়ানের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।
নিহতের গলায় দাগ এবং ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুপুর ১টার দিকে নিহত ব্যক্তি ও তার এক সহকর্মীর মধ্যে কাজে দেরি হওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়।
ওই সহকর্মী, যার বয়স ৪২ বছর, নিহতের দেরিতে কাজে যাওয়া নিয়ে তাকে তিরস্কার করেন। এ সময় দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অভিযুক্ত ব্যক্তি একটি ছোট লোহার রড হাতে নেন, আর নিহত ব্যক্তি রান্নাঘর থেকে একটি দা নিয়ে এসে আক্রমণ করার চেষ্টা করেন।
অভিযুক্ত ব্যক্তি নিজেকে বাঁচাতে লোহাটি ফেলে কাছের একটি বৈদ্যুতিক তার নিয়ে নিহতের গলায় পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন।
তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলটি একটি একতলা বাড়ি, যেখানে ব্রিজ নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বসবাস করতেন।
নিহত এবং মূল অভিযুক্ত দুজনই ওই বাড়ির বাসিন্দা ও একই কর্মস্থলের শ্রমিক।
ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে। তদন্তে সহায়তার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি লোহার রড উদ্ধার করেছে।
মোহাম্মদ হামিজি আরও জানান, মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ধারা ৩০২ অনুযায়ী হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে শনিবার আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।






















আপনার মতামত লিখুন :