বিপুল খাদ্যসামগ্রী ও বস্ত্রসহ ৭ পাচারকারী আটক,কার্গোবোট জব্দ


Csp Admin প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন /
বিপুল খাদ্যসামগ্রী ও বস্ত্রসহ ৭ পাচারকারী আটক,কার্গোবোট জব্দ




চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল খাদ্যসামগ্রী ও বস্ত্রসহ মায়ানমারগামী কার্গোবোট জব্দ করা হয়েছে।

এসময় ৭ জন পাচারকারীকে আটক করে করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে পরিচালিত অভিযানে কার্গোবোটসহ তাদের আটক করা হয়।

পরে জব্দ করা কার্গোবোট থেকে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

আটক ৭ পাচারকারীসহ জব্দকৃত বোট ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।