অনলাইন জুয়ায় হেরে চট্টগ্রামে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা


Csp Admin প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন /
অনলাইন জুয়ায় হেরে চট্টগ্রামে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা

চট্টগ্রা‌ম নগরীর বন্দর থানা এলাকায় মোবাইলে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে হতাশাগ্রস্ত এক যুবক আত্মহত্যা করেছে।

শ‌নিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে নগরীর ২নং মাইলের মাথা আলী মাঝির পাড়া রংগুর টিনশেঠ ভাড়াঘরে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম তরিকুল ইসলাম (২৯)। সে পেশায় একজন রাজমিস্ত্রী। তরিকুল মা-বাবা, স্ত্রী ও দুই মেয়েসহ রংগুর কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের আলমা‌রিতে মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা চুরি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে সব হারিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তরিকুল।

গতকাল বিকেলে তার মা তাকে এ নিয়ে বকাঝঁকা করেন। সন্ধ্যার দিকে পরিবারের সকলের অগোচরে ঘরের টিনের চালার লোহার এ্যাংগেলের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তরিকুল।

এ বিষয়ে বন্দর থানা ও‌সি আফতাব উ‌দ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বন্দর থানা পুলিশের টিম মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে জানিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ওসি।