আইপিএলে আরও একটি কীর্তি গড়লেন রোহিত


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন / ৩৮
আইপিএলে আরও একটি কীর্তি গড়লেন রোহিত

চলমান আইপিএলে ব্যাটে রান পাচ্ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা রোহিত শর্মা। এবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি আইপিএলে রেকর্ডও গড়লেন রোহিত।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৫ বল খেলে ৭৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার মাঝে শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছেন মুম্বাই ওপেনার। সেই সাথে গড়েছেন আরও একটি কীর্তি।

আইপিএলের শুরু থেকে রোহিতকে চেনা মেজাজে দেখা যাচ্ছিল না।সেই সাথে বড় রানের দেখা পাচ্ছিলেন না তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি। এই ইনিংসেই তিনি টপকে গিয়েছেন ধাওয়ানকে।

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। আইপিএল খেলে ধাওয়ানের রান ৬৭৬৯। আর রোহিতের রান এখন ৬৭৮৬। রান তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি।

আইপিএলে এখনও পর্যন্ত ৮৩২৬ রান করেছেন কোহলি। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে মোট ৬৫৬৫ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে সুরেশ রায়না। আইপিএলে তার সংগ্রহ ৫৫২৮ রান।

রবিবার (২০ এপ্রিল) ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন রোহিত। আইপিএলে এই নিয়ে ২০ বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’র পুরস্কার পেলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত বার কেউ ম্যাচ সেরার পুরস্কার পাননি।

রোহিতের পর এই তালিকায় রয়েছেন কোহলি। তিনি ১৯ বার ম্যাচ সেরা হয়েছেন। তৃতীয় স্থানে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ১৮ বার ম্যাচ সেরা হয়েছেন।

তবে আইপিএলে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড রয়েছে এবি ডি’ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার মোট ২৫ বার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ২২ বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন। গেইলের পর রয়েছেন রোহিত।