জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন / ৪৬
জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ

চট্টগ্রামে মাছ ধরার জাহাজে উঠার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে দুলাল মিয়া (৪৫) নামে এক নাবিক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১-এ ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজে উঠার সময় পা পিছলে দুলাল মিয়া নদীতে পড়ে যান। একবার ভেসে উঠলেও এরপর আর তাকে দেখা যায়নি।

তাৎক্ষণিকভাবে অন্য একটি জাহাজের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড এবং সদরঘাট নৌ থানা পুলিশ।

তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে রবিবার (২০ এপ্রিল) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুলাল মিয়ার কোন খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধার অভিযান চলমান রয়েছে।