একুশের প্রথম প্রহরে লোহাগাড়ায় শ্রদ্ধাঞ্জলী


Csp Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন / ১০৯
একুশের প্রথম প্রহরে লোহাগাড়ায় শ্রদ্ধাঞ্জলী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

রাত ১২টা ১ মিনিটে চারদিকে বেজে ওঠে কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”, জানিয়ে দেয় অমর একুশে ফেব্রুয়ারির আগমন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রামে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার তরুণদের তাজা প্রাণের বিনিময়ে।

বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে সেদিন যারা আত্মত্যাগ করেছিলেন, তাদের রক্তের বিনিময়েই পূর্ব পাকিস্তানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। সেই থেকেই দিনটি রাষ্ট্রীয়ভাবে “ভাষা শহীদ দিবস” হিসেবে পালিত হয়ে আসছে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করে।

২১শে ফেব্রুয়ারি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন।

প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ,লোহাগাড়া থানা প্রশাসন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ,পদুয়া বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এতে ফুলে ফুলে ভরে যায় কলেজ বাজারের শহীদ বেদি।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল ইসলাম খাঁন,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা।