
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি দায়িত্ব পালন করতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮)।
মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার সময় অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে। চলতি বছরের শুরুতে তিনি মিরসরাই উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সরকারি কাজ পরিদর্শনের উদ্দেশ্যে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, সকালে একটি তদন্ত-সংক্রান্ত কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন।
পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। নিহত আনসার কর্মকর্তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজন আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া পুলিশ সম্পন্ন করছে।
চলতি বছরের শুরুতে মিরসরাইয়ে দায়িত্ব নেওয়া আলাউদ্দিনের এমন আকস্মিক মৃত্যুতে প্রশাসনিক অঙ্গন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এই মৃত্যু স্থানীয়দেরও ব্যথিত করেছে।






















আপনার মতামত লিখুন :