গরুর হাটে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন ব্যবসায়ী বাবুল


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ২:৫২ অপরাহ্ন /
গরুর হাটে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন ব্যবসায়ী বাবুল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুইটি মারা গেছে এবং আরও দুইটি গরু আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার বাগিচারহাট-কেন্দ্রিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু কিনে বিক্রির উদ্দেশ্যে পায়ে হেঁটে সাতকানিয়ার কেরানীরহাট গরুর বাজারের দিকে যাচ্ছিলেন।

পথে কক্সবাজারগামী দ্রুতগতির একটি ঈগল পরিবহনের বাস তাঁকে ও গরুগুলোকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাবুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

একই ঘটনায় ঘটনাস্থলেই দুইটি গরু মারা যায়। বাকি দুইটি গরু আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর বাসটি না থেমে দ্রুত কক্সবাজারের দিকে চলে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।