
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, ৫ ও ৬ জুন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হালিশহর থানা যুবলীগের সভাপতি ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), সাইফুল আলম রুবেল (৪১), শরিফুল ইসলাম (২৩), ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং মো. ইরফান (৩২)।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদেরও শনাক্ত করার কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






















আপনার মতামত লিখুন :