বোয়ালখালীতে হাত-পা বাঁধা ব্যক্তির লাশ, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৩:১০ অপরাহ্ন /
বোয়ালখালীতে হাত-পা বাঁধা ব্যক্তির লাশ, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁর পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচুবাগানে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাহাড়ে কাজের উদ্দেশ্যে বা ঘুরতে যাওয়া কয়েকজন ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান।

পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান, অজ্ঞাত ওই ব্যক্তির দুই হাত পেছনের দিকে শক্তভাবে বাঁধা ছিল। তাঁর পা-ও বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পাহাড়ি এলাকায় এভাবে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।