যে পুকুরপাড়ে খেলত আয়ান, সেখানেই থেমে গেল তার জীবন


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন / ০ Views
যে পুকুরপাড়ে খেলত আয়ান, সেখানেই থেমে গেল তার জীবন

হাটহাজারীর চন্দ্রপুর গ্রামে বুধবার দুপুরটি নেমে এলো গভীর শোকের বার্তা হয়ে। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আয়ান মুহাম্মদ (১৮ মাস) নামের এক শিশুর।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়ান ওই এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় আয়ান।

কিছু সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

ছোট্ট আয়ানের আকস্মিক মৃত্যুতে এলাকায়ও সৃষ্টি হয়েছে মর্মাহত পরিবেশ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।