
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের মৃত জহিরের ছেলে সাহাবুদ্দিন (৪০)।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আলমগীর ফরিদের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৪০০ পিস এবং সাহাবুদ্দিনের লুঙ্গির খোঁচা থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার মোট পরিমাণ দুই হাজার পিস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।






















আপনার মতামত লিখুন :