খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসে বিকৃত মরদেহ, আতঙ্কে শিক্ষার্থীরা


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন /
খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসে বিকৃত মরদেহ, আতঙ্কে শিক্ষার্থীরা

চট্টগ্রাম নগরের খুলশীতে অবস্থিত ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের পর থেকেই ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত—তা নিশ্চিত হওয়া যায়নি।

খুলশী থানা-পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

মাথা থেকে খুলি আলাদা হয়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, সেটিও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।