ফটিকছড়িতে বন্যপ্রাণী শিকারের অভিযোগে চা শ্রমিক আটক


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:০২ অপরাহ্ন /
ফটিকছড়িতে বন্যপ্রাণী শিকারের অভিযোগে চা শ্রমিক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সুমন ওরাঁও (৪০) নামে এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি একনলা বন্দুক বলে জানিয়েছে পুলিশ।

বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অস্ত্রটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকা থেকে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ অভ্যন্তরীণ কোন্দলের জেরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেইন বলেন, সুজানগর চা বাগানে এক ব্যক্তির ওপর অস্ত্র নিয়ে হামলার তথ্য পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয়। পরে অভিযুক্ত সুমন ওরাঁওকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, সুমনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গ্রাম পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরে অস্ত্রটি ভূজপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, চা বাগান এলাকায় বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তিতে আগ্নেয়াস্ত্রটি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।