নিমতলা থেকে যুবক আটক, অভিযোগ চাঁদাবাজির


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন /
নিমতলা থেকে যুবক আটক, অভিযোগ চাঁদাবাজির

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১টার দিকে নগরের নিমতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার বাসিন্দা। তিনি হারুন সওদাগরের ছেলে। হারুন সওদাগর ‘কমিশনার হারুন’ নামেও পরিচিত।

এ ছাড়া ওয়াহিদুল নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পুলিশের কাছে কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়।

চাঁদাবাজ মানেই তিনি একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতেই ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।