২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী ১,৪৫৬: বাড়ছে মৃত্যু ও সংক্রমণ


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন /
২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী ১,৪৫৬: বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৫৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫০ দিনে দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মারা গেছেন মোট ৩১১ জন। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৬১ জন।

একই সময়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

বর্তমান পরিস্থিতিতে হাম সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।