চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা, মনোনয়নপত্র বিতর্কে মুখোমুখি আইনজীবীরা


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন /
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা, মনোনয়নপত্র বিতর্কে মুখোমুখি আইনজীবীরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র সংগ্রহের সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (৪ মে) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতির বার লাইব্রেরির প্রবেশপথে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

আওয়ামী লীগ-ঘনিষ্ঠ আইনজীবীদের অভিযোগ, বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেন।

তবে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ অভিযোগ নাকচ করেছেন। তাঁদের দাবি, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদ–এর নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়নপত্র নিতে বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় প্রবেশপথেই তাঁদের আটকে দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন।

পরে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা বার লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন।

সভাপতি প্রার্থী আবদুর রশিদ অভিযোগ করেন, তাঁরা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফলে তাঁরা ফরম সংগ্রহ করতে পারেননি।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা জানান, বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে এবং যেকোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বাধার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

তপশিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।