
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার কেরানীহাট এলাকার একটি রিসোর্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন।
এ সময় উত্তর সাতকানিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। পুরো হলরুমজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন যোগদানকারী নেতা–কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, উত্তর সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক আনিস রহমান শিকদারের নেতৃত্বে ছয়টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার নেতা–কর্মী বিএনপিতে যোগ দেন।
যোগদানের পর তাঁরা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
অনুষ্ঠানে আনিস রহমান শিকদার বলেন, ‘আমরা দীর্ঘদিন এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।
কিন্তু বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে হতাশ হয়ে আমরা দল থেকে সরে আসি। আজ আমরা নতুন করে বিএনপির পতাকাতলে একত্রিত হলাম। এখন থেকে আমৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গেই থাকব।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের বিষয় নয়; এটি জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। আমরা বিশ্বাস করি, বিএনপি সেই আদর্শ ধারণ করে।’
ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল বলেন, ‘আমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমাদের রাজনীতির সূচনা হয়েছিল বিএনপির মাধ্যমেই। আজ আবার সেই জায়গায় ফিরে আসতে পেরে আমরা আনন্দিত।’
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। এই দলে যোগ দিয়ে আপনাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। উত্তর সাতকানিয়াকে আমরা একটি মডেল এলাকায় পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন ও পুরাতন সব নেতা–কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতা–কর্মীরা দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।






















আপনার মতামত লিখুন :