চট্টগ্রামে জমি দখলচেষ্টা ও মানিককে ছুরিকাঘাতের ঘটনায় আজাদ আটক


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৪:০১ অপরাহ্ন /
চট্টগ্রামে জমি দখলচেষ্টা ও মানিককে ছুরিকাঘাতের ঘটনায় আজাদ আটক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা আবাসিক এলাকায় জমি দখলচেষ্টা ও ব্যবসায়ী মো. মানিককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজাদ চান্দগাঁও থানার সিকদার বাড়ির আব্দু শুক্কুরের ছেলে। তিনি এই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শীতলঝর্ণা আবাসিক এলাকায় ব্যবসায়ী মানিকের বন্ধু আনোয়ারের মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলা চালান আজাদ ও তাঁর সহযোগীরা।

এ সময় হামলাকারীরা জমির সীমানাপ্রাচীর ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় বাধা দিতে গেলে ব্যবসায়ী মানিককে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ধারালো ‘সেভেন গিয়ার নাইফ’ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর ক্ষতস্থানে আটটি সেলাই দিতে হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।