মাস্কাট থেকে আসা ফ্লাইটে চোরাচালানের চেষ্টা, শাহ আমানতে জব্দ বিপুল সিগারেট


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ২:৩১ অপরাহ্ন /
মাস্কাট থেকে আসা ফ্লাইটে চোরাচালানের চেষ্টা, শাহ আমানতে জব্দ বিপুল সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার রাত ৯টা ৫০ মিনিটে মাস্কাট থেকে ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগেই এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের একটি যাত্রীবিহীন কনভেয়ার বেল্ট থেকে মালিকবিহীন ১ হাজার ৬৫ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীর দেহ ও মালপত্র তল্লাশি করে আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা মোট ১ হাজার ৩৪৫ কার্টুন বিদেশি সিগারেটের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা।

আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সেগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”