
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছান ওই তরুণী।
এ সময় প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ঘটনাটি অন্য অভিযুক্তরা জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়।
পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। পরে তার মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত চারজন হলেন—রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।






















আপনার মতামত লিখুন :