সিএন্ডবি মোড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বহদ্দারহাট–কালুরঘাট সড়কে দীর্ঘ যানজট


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন /
সিএন্ডবি মোড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বহদ্দারহাট–কালুরঘাট সড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকেরা। এতে বহদ্দারহাট–কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকেরা সড়ক অবরোধ শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং এসএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, গত দুই মাস ধরে তাঁদের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা সড়কে নেমেছেন। তাঁদের ভাষ্য, বেতন না পেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

এক শ্রমিক বলেন, ‘আমাদের গত দুই মাস ধরে বেতন বকেয়া। বকেয়া বেতনের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমরা কাজ করেও বেতন পাই না। তাহলে সংসার চলবে কীভাবে?’

খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কাজ শুরু করে।

শিল্প পুলিশের পরিদর্শক বাছা মিয়া বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন।

সকালে ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। পরে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তবে এখনো গ্রহণযোগ্য কোনো সমাধান হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের একটি অংশ সড়ক ছেড়ে গেলেও এখনো যানজট পুরোপুরি কাটেনি।