চট্টগ্রামের খাল–নালা সচলে ১৯ সদস্যের কমিটি গঠন


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন /
চট্টগ্রামের খাল–নালা সচলে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে। আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রতিনিধি, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) অন্তর্ভুক্ত রয়েছেন।

এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরাও কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশনব্যবস্থাকে সারা বছর সচল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এ কমিটি।

একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি তদারকি করবে।

কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে। কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশও করবে।

এ ছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার প্রতিনিধিদের কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সমন্বয় কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে দৃশ্যমান অগ্রগতি আসবে।