হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে বোয়ালখালীতে সেমিনার


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন /
হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে বোয়ালখালীতে সেমিনার

চট্টগ্রামের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালীতে এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষ (স্বাধীনতা) মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভুঁইয়া, এসআই আলী আকবর, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, হালদা বিশ্বের একটি অনন্য প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র, যা সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কালুরঘাট থেকে মদুনাঘাট এলাকায় জাল ফেলা নিষিদ্ধ, কারণ এ সময়ে মা মাছ ডিম ছাড়ে।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ এলাকায় জাল ফেলে মাছ ধরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।