রাউজানে বাবলু হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৬:০১ অপরাহ্ন /
রাউজানে বাবলু হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

রাউজানে বিএনপিকর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রামের রাউজান থানার পূর্ব রাউজান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। তাঁরা বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত যথাক্রমে তিন ও পাঁচ নম্বর আসামি।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকার জঙ্গল রাউজানে বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে মোহাম্মদ কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহত বাবলুর বাবা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাতে পূর্ব রাউজান এলাকা থেকে শফি ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাবলু হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কী ধরনের বিরোধ কাজ করেছে এবং এ ঘটনায় পরিকল্পনাকারী কারা—সেসব বিষয়ও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।