শাটল ট্রেন সংস্কারে ১১ দফা দাবি, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন /
শাটল ট্রেন সংস্কারে ১১ দফা দাবি, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শাটল ট্রেনের সার্বিক সংস্কারের দাবিতে ১১ দফা তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীরা।

একই সঙ্গে আগামী রোববার (২৫ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘শাটল ট্রেন সংস্কার আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘বাপ-দাদার আমলের বগি, পরিবর্তন করতে হবে’, ‘শাটলের ঢিল ছুড়ে, প্রশাসন কী করে’, ‘শাটলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’ ইত্যাদি।

কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো কার্যকর সমাধান আসেনি।

তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। প্রশাসনের কাছে আমরা ১১টি দাবি জানিয়েছি। এসব দাবি আগামী রোববার দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট চালু ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, কোচ বৃদ্ধি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা, নিরাপত্তা কর্মী নিয়োগ, আধুনিক ইলেকট্রনিক সুবিধা সংযোজন, ট্রেনের গতি বৃদ্ধি, বগির সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।